সোমবার, ১৩ জুন, ২০১৬

নাট্যারম্ভ

আমি বহু বছর বিদেশে নাটক করেছি, বুঝলেন। বেশ সিরিয়াসলি। খাটাখাটনি করেছি। কয়েকবার তো নিজেরা লিখে - একবার প্রায় ওয়ার্কশপের মতন করে। তার সঙ্গে প্রতিবারই নিজেরা সেট ডিজাইন করেছি, বানিয়েছি; লাইট ডিজাইন করেছি; মিউজিক বানিয়েছি-বাজিয়েছি-রেকর্ড করেছি ইত্যাদি। সঙ্গে তো অভিনয়, পরিচালনা ইত্যাদি আছেই। আর আছে মার্কেটিং, টিকিট বিক্কিরির বিভীষিকা। সে এক, যাকে বলে, বিশাল কর্মযজ্ঞ। এর সবই একেবারে শূন্য থেকে শিখতে হয়েছে। আমাদের মধ্যে এর আগে সিরিয়াস নাট্যচর্চা করেছিল একমাত্র অমিতাভ (Amitava Baksy), আর কিছুটা বোধহয় ইন্দ্রাণী। কিন্তু-কিন্তু করে এও বলি যে প্রোডাকশন কোয়ালিটিও একেবারে দুচ্ছাই কিছু হতনা, কিছু ক্যাপটিভ অডিয়েন্সও তৈরি হয়েছিল। এসবই হয়েছে কিছু সমমনস্ক, নাটুকে আর খাটতে-ও-শিখতে-ইচ্ছুক নারী-পুরুষ এক সময়ে এক জায়গায় জড় হয়েছিলাম বলে।

কিন্তু আমার নাটকের জীবন দীর্ঘতর, সেটা ভুলে যাওয়া ঠিক হবে না। এই সুদূরপ্রসারী নাট্যজীবন শুরু হয়েছিল নামভূমিকায় অভিনয় দিয়ে। "গাধা-পিটিয়ে-মানুষ" নাটকে গাধা, "কালো কুকুর" নাটকে কুকুর - নটসূর্য হবার দিকে এই ছিল যাত্রারম্ভ।
 
এর বহু পরে, কলেজে পড়াকালীন পাকামি ও আঁতলামির বিছে যখন কামড়াল তখন কয়েকজন বন্ধু মিলে দল গড়ে নাটক করতে শুরু করলাম। একজনেরও পুজোর নাটকের বাইরে নাটক করার কোন অভিজ্ঞতা ছিল না। তাতে কি ডরাই কভু ভিখারী রাঘবে? বাংলায় কেউ নাটক লিখতে পারে? ধুর ধুর। আমরা দেখিয়ে দেব। মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার। একেবারে ইবসেন। Ghosts. অনুবাদ আছে না? আছে, কিন্তু ছ্যা ছ্যা, অন্যের অনুবাদ নিবি কি রে! নিজেরা আনুবাদ কর। অভিজ্ঞতা তো নেইই, কনফিডেন্সও নেই। তাই তিনবন্ধু একেক জন একেকটা অঙ্ক অনুবাদ করলাম। বাংলা সাহিত্যকে অকূল পাথারে ভাসিয়ে সে অনুবাদ বা অনুবাদগুচ্ছ কালের গহ্বরে বিলীন হয়ে গেছে যদিও। বাঁচা গেছে। নইলে যে কী হত, ভাবলে শিউরে উঠতে হয়। দলের কারুর নাটকের অভিজ্ঞতা ছিলনা বলে যে লিখেছি, সেটা ঠিক লিখিনি। টুকটুকির ছিল। দলের দুজনের মধ্যে অন্যতম মহিলা সদস্য। টুকটুকি অসম্ভব ভাল আবৃত্তিও করত, আজকাল যাকে বাচিক শিল্প বলে।

সে নাটক একেবারে টপ-টু-বটম ডিজাস্টার। দলের নাম নৈর্ব্যক্তিক। আর্দ্ধেক লোক উচ্চারণই করতে পারল না। নাটকের নাম আবর্ত। আমার কাকা বলেছিল, পাকামি কোরোনা। স্পিন বল দেবার আগে সোজা বল দিতে শেখ। কে শোনে কার কথা! নাটকের আগে শ্যমাবাজারে গিয়ে মেকাপ আর সেটের বরাত দিয়ে এলাম। "জমিদার বাড়ির সেট তো? হয়ে যাবে।" লাইটের বরাত পেল সল্ট লেকের বৈশাখীর একজন। পাড়ার পুজোর নাটকে লাইট করেছিল। মানে দুদিকে দুটো লাইটের সামনে মুড অনুযায়ী লাল-নীল কাগজ-ধরা। তাৎক্ষণিক। স্ক্রিপ্ট-টিপ্ট পড়ার কোন গল্প নেই। নাটকের দিন মেকাপ আর লাইট এল। সেট আর এল না। লাইটের লোক বলল, "জমিদার বাড়ির সেট করে দেব"? তাই সই। লোকের হাতে-পায়ে ধরে টিকিট বেচা হয়েছে। টিকিট তো নয়, গেস্ট কার্ড। কারণ টিকিট হলে এন্টারটেনমেন্ট ট্যাক্স না কী একটা দিতে হবে। সে ট্যাক্স মকুব করা মহা ঝামেলা। তো নাটক শুরু হবে সাতটায়। লোকজন গুটিগুটি আসতে শুরু করেছে। সাড়ে ছ'টা নাগাদ লোডশেডিং হয়ে গেল। কুছ পরোয়া নেহি। হলে জেনেরেটর আছে। চালাও জেনেরেটর। কিন্তু জেনেরেটরের লোক গলদঘর্ম হয়ে গেল। জেনেরেটর আর চালু হয়না। ম্যানেজার এসে পড়লেন। সরকারী কর্মচারী। নাটকের একটি মূল চরিত্র তাকে চমকাতে গিয়ে পুলিশের হুমকি খেল। সে একে কেলেংকারিয়াস প্যান্ডেমোনিয়াম। শেষ অব্দি আলো এসে নাটক শুরু হল বোধহয় রাত ন'টা নাগাদ। ততক্ষণে ষাট শতাংশ দর্শক - মানে যারা ঘনিষ্ঠ বন্ধু কিংবা আত্মীয় নয়, তারা পাতলা হয়ে গেছে। ভাগ্যিস। কারণ সে যা নাটক হয়েছিল!

এরপরেই বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে দলটির পঞ্চত্বপ্রাপ্তি ঘটে। তবে সত্যের খাতিরে এও বলে রাখা ভাল আমরা আরও একটি নাটকের মহড়া শুরু করেছিলাম। সে নাটক আর মঞ্চস্থ হয়ে উঠতে পারেনি। নাটক ও নাট্যকার খুব বেঁচে গেছেন। আমরা তথৈবচ।

শুক্রবার, ১০ জুন, ২০১৬

মোটা

আমি ডাকি মোটা বলে। স্কুলে ছ'বছর, আর তারপরে কলেজে চারবছর একসঙ্গে পড়েছি। তাছাড়া মোটারা থাকতও সল্ট লেকে খুবই কাছে। আমরা সিডি ব্লক, মোটারা এবি ব্লক। কোণাকুণি দেখলে মাঝখানে একটা মাত্র ব্লকের ব্যবধান - বিসি। এই নৈকট্য পরে খুব সুবিধে দিয়েছে।

মোটার মতন বন্ধুবৎসল ছেলে খুব কম দেখেছি। বন্ধুবৎসল এবং অসূয়াহীন। কম নয়, দেখিইনি। কলেজে অন্যরা ক্লাস করছে না। এমনিই করছে না। মোটাকে ক্লাস করার জন্যে তারা ব্যাগড়াও দিয়েছে। তাও মোটা ক্লাস করে যে শুধু নোট নিচ্ছে তাইই নয়, এক্সট্রা দুটো কার্বন কপিও নিচ্ছে। কোন বন্ধুর কখন কাজে লেগে যায়, কে জানে!
বাড়ি ফেরার মুখে মোটা বলল, "দশ টাকা দে।" দিয়ে দিলাম। পরের দিন মোটা কটা খুচরো পয়সা আর একগাদা জেরক্স-করা পাতা দিল। স্যার কোন বইয়ের রেফারেন্স দিয়েছেন। মোটা নিজের জন্যে কপি করছিল, অন্যরা বঞ্চিত হবে কেন? তাই নিজে উপযাচক হয়ে সবাইকার জন্যে জেরক্স করে দিয়েছে। অনেকবার।

মোটার দোষ বলতে, মোটা ক্লাস করতে খুব ভালবাসত। শুধু ক্লাস করতেই নয়, মোটা পড়াশুনো করতেই ভালবাসত। কলেজে, ক্লাসে মোটামুটি সবাই রাজী হয়েছে মাস কাট দিতে, কিন্তু বেঁকে বসল মোটা আর রাজা। এরকম বহুবার হয়েছে যে ক্লাসে শুধু মোটা, রাজা আর প্রফেসর। ক্লাসের বাকিরা ভিতর হতে বাহির হয়ে রৌদ্রকরোজ্জ্বল বাহিরে গাছতলায় বসে কালাতিপাত করছে। পরে এই আমরাই ক্লাস টেস্টের আগের রাতে বা এমনকি সেমেস্টার পরীক্ষার আগের রাতে মোটার বাড়িতে হানা দিয়েছি। মোটা নিজের নোট দিয়ে দিয়েছে ব্যাকবেঞ্চারগুলোকে। আমার লাইব্রেরি কার্ড তো চারটি বছর মোটার কাছেই গচ্ছিত ছিল। মোটাই আমার জন্যে বই তুলত, আমাকে পড়াবার ব্যর্থ চেষ্টা করত, আবার ফেরত দিয়ে দিত।

পরে ভেবে মনে হয়েছে মোটার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত হয়নি। বাবার মতন পলিটিকাল সায়েন্স বা অন্য কোন সোশ্যাল সায়েন্স পড়া ভাল হত। তবে সে তো এখন ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করে প্রিমিয়ার ইনস্টিটিউটে পড়াচ্ছে আর হিল্লি-দিল্লি-বিলেত করে বেড়াচ্ছে। খান চারেক বইও প্রকাশ করে ফেলেছে।

মোটার যে গল্পটা ফোকলোর হয়ে গেছে, সেটা বলি। ইশকুলের গল্প। ক্লাস ইলেভেন। মোটার গায়ে অমানুষিক শক্তি ছিল। কিন্তু মুশকিল হল মোটা সেটা জানত না। এর ফলে অনেক ছেলে অকারণে আহত-টাহত হয়েছে। সে যাক। ইলেভেনে, ক্লাসে সাত রো বেঞ্চির দ্বিতীয় সারিতে মোটা বসত। একবার টিফিনের পরে মোটার প্যান্টের বেল্টের লুপে একটা মোটা নারকোল দড়ি দিয়ে ল্যাজ করে দেওয়া হল। মোটা টের পায়নি। ল্যাজটা লম্বা। খুব লম্বা। এত লম্বা যে তার অন্য দিকটা শেষ, মানে সাত নম্বর, সারিতে বেঞ্চির পায়ায় বেঁধে দেওয়া হয়েছে। একদম মোরম্বা করে। আর সেই বেঞ্চিতে গাদাগাদি করে ছ'টা উঠতি জোয়ান ছেলে বসে ক্লাস করছে। বেঞ্চি নড়ে যাবার কোন সিনই নেই। এরপর বিজয়াদি ক্লাসে এসেছেন। এসে মোটাকে কিছু একটা জিগেস করেছেন। মোটা ক্লাসে জবাব-টবাব দিতে খুব ভালবাসত। তো জবাব দেবে বলে উৎসাহভরে উঠতে গিয়ে মোটা ল্যাজে ঠেকে গেল। উঠতে পারল না। তখনও বুঝতে পারেনি কিসে আটকাচ্ছে। আবার ওঠার চেষ্টা করল। আবার আটকাল। তিন নম্বর বারের বার সর্বশক্তি দিয়ে মোটা উঠে দাঁড়া্তেই পেছনের বেঞ্চির পায়াটি মোটার শক্তির কাছে পরাভূত হয়ে নিজের কাজে ইস্তফা দিল এবং ছ'টি সা-জোয়ান ছেলে ভূমি নিল। এ জিনিস চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

মোটা, শুনছিস?

মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

সেবোনিয়ার

সত্যজিৎ রায়ের একটা গল্পে হ্যামিলটনের মাঠ বাঙালি উচ্চারণে হামলাটুনির মাঠ হয়ে গেছিল। লেডি ক্যানিং থেকে লেডিকেনির নাম হওয়ার গল্প তো প্রায় সবাই জানেন, যদিও এখন সেই গল্প জিজ্ঞাসার চিহ্ণ পড়েছে। এছাড়া প্ল্যাটুন থেকে পল্টন, প্লায়ার্স থেকে প্লাস - এসব তো আছেই।

আমাদের কলকাতার বাড়িতে একটা চেস্ট-অফ-ড্রয়ার আছে। তার নাম সেবোনিয়ার। পল্টনেও তাকে নড়াতে পারে না, এমনই ভারী। আমি তাকে জন্মাবধি দেখে আসছি। চারতলা দেরাজ, আমরা টানা বলতাম। প্রত্যেক তলায় একটা সাড়ে তিন-চার ফুটের গভীর ড্রয়ার। সব থেকে ওপরের তলায় তার আদ্ধেক-চওড়া দুটো ড্রয়ার। আজকালকার মতন ফ্যান্সি রেল লাগান ফঙ্গবেনে জিনিস নয়। একদম সলিড। এক-একটা দেরাজ টেনে বের করতে কালঘাম ছুটে যায়। গামা পালোয়ান না লাগলেও সে যার-তার কম্ম নয়। সে কী আর আজকের জিনিস? বহু পুরনো। বোধহয় ওম্মার বিয়ের যৌতুক। মানে আদি উনিশশো ব্রিটিশ সালের মাল। বার কয়েক পালিশ করা সত্বেও আবার সে প্রায় আবলুশ কাঠের মতন কালো হয়ে গেছে। ছোট থেকে জিনিসটাকে "সেবোনিয়ার" বলে ডাকতে শুনেছি। আর কারুর বাড়িতে "সেবোনিয়ার" আছে বলে কোনদিন শুনিনি। নামটায় কীরকম যেন ফ্রেঞ্চ-ফ্রেঞ্চ গন্ধ। আমি থোড়িই ফরাসি জানি! ওই গন্ধ অব্দিই দৌড়। কাজেই জিনিসটার সত্যিকারের যে কী নাম জানতে পারিনি। তারপরে ভুলেও গেছিলাম। সেদিন মনে পড়াতে সার্চ করতে গিয়ে দেখি কোন আন্দাজী বানানেই কিছু পাওয়া যাচ্ছে না। শেষে ঘুরপথে খুঁজে পেলাম। ফ্রেঞ্চই। chiffoniere। সেখানে থেকে ব্রিটিশ বা মার্কিনি chiffonier বা chiffonnier। বাঙালি উচ্চারণে শিফনিয়ের থেকে কীভাবে যেন সেবোনিয়ার হয়ে গেছে। (আসল ছবি নেই।)

শুক্রবার, ৩ জুন, ২০১৬

জগাদাদা

আমাদের বাড়িতে কাজ করত জগাদাদা। ঊড়িষ্যার লোক। কিশোর বয়সে কাজ করতে এসেছিল কলকাতায়। সে আমার জন্মের ঢের আগে। তখন বাড়িভর্তি লোক। শুনেছি জগাদাদা নাকি আমাদের বাড়িতেই চুরি করে ধরা পড়ে যায়। চাকরি গেছিল কিনা জানিনা, কিন্তু যোগাযোগ যায়নি। "পুরাতন ভৃত্য" ট্র্যাডিশন। পরে বাবা কোথায় কী কলকাঠি নেড়ে সরকারী অফিসে পিওনের চাকরি করে দেয় জগাদাদার।

তারপর থেকে মাঝে মাঝে, দু-চার মাস অন্তর, রোববার করে চলে আসত বেলা দশটা-এগারোটা নাগাদ। কাজ-টাজ কিছু করে দিত। পাখা পরিস্কার করবে? দাঁড়া, জগা আসুক। কুলুঙ্গি থেকে জিনিস পাড়তে হবে? দাঁড়া জগাকে খবর দিই। এরকম সব ব্যাপার। ধুতি কোঁচান তো দেখেছি জগাদাদা ছাড়া হতই না। আর জগাকে দেখলে আমার বাবার গা-টেপানো পেয়ে যেত। সারাদিন থাকত জগাদাদা। কাজকর্ম করে দিত, খাওয়া-দাওয়া করত। গল্পগুজব করত, মূলতঃ ওম্মার সঙ্গে। তারপরে সন্ধ্যে-রাত্তিরের দিকে চলে যেত। বাড়িতে কারুর বিয়ে-টিয়ে হলে দুদিন আগে জগাদাদা চলে আসত আর একা হাতে বহুদিক সামলাত। যগ্যিবাড়ির বাজার হবে কলেজ স্ট্রীট থেকে - জগাদাদা। গায়ে হলুদের মাছ আনতে হবে - জগাদাদা। বিয়ের ফুল - জগাদাদা। তার ওপর বিয়েতে নাপিতের কাজও করে দিত জগাদাদা। একদম গ্র্যাটিস। দাদা আর দিদির বিয়ে অব্দি দেখেছি এই চলেছে। আর ওইসময়ে বার-দুত্তিন এরকম হয়েছে যে আমরা বাড়ি ফাঁকা করে সদলবলে কোথাও বেড়াতে যাচ্ছি, জগাদাদা এসে বাড়িতে থেকে বাড়ি পাহারা দিচ্ছে। চুরির একটা ইতিহাস থাকায় মা-র মনে খুঁতখুঁতুনি দেখেছি, কিন্তু আবার ভরসা করে ছেড়ে যেতেও দেখেছি। 

জগাদাদার এক না দুই ছেলে ছিল। মাঝেমাঝে এসে বলত ছেলে অমুক ক্লাস। একদিন বলল ছেলে মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিকও পাশ করল। ছেলের চাকরি পাওয়ার কথাও যেন শুনেছিলাম। আমি ৯৩ সালে দেশ ছাড়ি। নব্বইয়ের দশক থেকেই জগাগদাদার আসা কমে যেতে থাকে। বয়েসও হচ্ছিল। ১৯৯৭-তে ওম্মা মারা যাবার পরে সে আসা আরও কমে যায়। শুনেছিলাম রিটায়ার করে জগাদাদা ঊড়িষ্যায় নিজের ভিটেতে ফিরে গেছে।

এখন তো কেউ চাকর-ঝি রাখে না। বাড়িতে কাজের লোক বা কাজের মাসী কাজ করে। কিন্তু তাদের সঙ্গে এই দীর্ঘ ওঠা-পড়ার সম্পর্ক কি তৈরি হয়? কে জানে!

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

পুরানা সল্ট লেক

সল্ট লেক তখনও ফাঁকা ছিল। বাড়ির থেকে ফাঁকা প্লটের সংখ্যাই বেশি। সেক্টর ওয়ানেই। যারা সল্ট লেক ভাল চেনেন তারা বুঝবেন কতটা ফাঁকা যদি বলি যে তিন নম্বর ট্যাঙ্ক থেকে বিডি মার্কেট যাবার রাস্তায় ডানদিক (সিডি ব্লকের দিকটা) পুরোটা খালি ছিল। কিম্বা তিন নম্বরের আইল্যান্ড থেকে বিডির ব্যাঙ্ক অফ বরোদা বাস-স্ট্যান্ড অব্দি গোটা চার-পাঁচ বাড়ি ছাড়া বাকিটা খোলা মাঠ। আর সে মাঠে তখনও মাটি জমাট বাঁধেনি। ঘাসের তলায় সাদা বালি পাওয়া যেত।
বিডি স্কুল তখন একটি মাত্র দোতলা বাড়ি। মাঝে শান-বাঁধান উঠোন তখনও শান-হীন, কোণের জলখাবার জায়গাও হয়নি। 

এখন যেখানে সিটি সেন্টার - ডিসি ব্লক - সেখানে একটাও - ইয়েস একটাও - বাড়ি ছিলনা। ছিল শুধু সুচারু স্তুপ করে রাখা স্টোনচিপ। তার উল্টোদিকে, যেখানে মনজিনি'স-এর দোকান-টোকান আছে - ডিডি ব্লক, সেও অধিকাংশই খালি, শুধু হসপিটাল আর সেবা। আর মোড়ের মাথায় তৈরি হতে শুরু করল "শিবম" নামের সিনেমা হল। সল্ট লেকের প্রথম হল। কিন্তু সে আর শেষ হল না। ইতিহাস নিয়ে ধংসস্তুপ হয়ে তার কংকাল এখনও দাঁড়িয়ে আছে। আর ফাঁকা ছিল বিদ্যাসাগর হাউসিং-এর সামনের মাঠ। পুরো ফাঁকা। বিদ্যাসাগরের গেট থেকে সেন্ট্রাল স্কুল দেখা যেত পরিস্কার।
একেবারে আক্ষরিকভাবেই চোখের সামনে তৈরি হল ডি সি পালের বাড়ি, ইসি স্কুল - এডি স্কুলের মেয়েরা সেখানে স্থানান্তরিত হয়ে গেল, সল্ট লেক স্টেডিয়াম - প্রথম খেলা ১৯৮৪ সালের নেহেরু কাপের ফাইনাল, প্রথম পেট্রল পাম্প - স্টেডিয়ামের উল্টোদিকে, বিদ্যুৎ ভবন। করুণাময়ী ভরে উঠল। ওদিকে পূর্বাচল, কালোবাড়ি, মহাবীর বিকাশ। সিটি সেন্টার-টেন্টার তো এই সেদিনের ছোকরা - হয়েছে আমি দেশ ছাড়ারও পরে।
বড় পুজো বলতে লাবণী, বিডি ব্লক আর এই ব্লক। যদিও প্রায় প্রতি ব্লকেই পুজো হত। এফডি ব্লক নাম করল নব্বইয়ের দশকে এসে। প্রথম রেস্টোর‍্যান্ট বিই ব্লকের ড্যান-ডিন। প্রথম নামী স্টুডিও - স্টুডিও মনোরমা। সিএ মার্কেট বা বিডি মার্কেটে কোন স্টুডিও ছিল বলে মনে পড়ছে না। তবে বিডি মার্কেটের দোতলায় একটা লাইব্রেরি ছিল। কিরীটি থেকে শুরু করে আশুতোষ মুখোপাধ্যায়ের "বলাকার মন" - কিচ্ছু বাদ দিইনি।

আমরা যখন সল্ট লেকে গেছি তখন বাস বলতে ৪৬এ, ৪৪এ, ৯, এস-১৪, এস-১৬, এল-১৪এ, এল-১৪বি, সল্ট লেক-যাদবপুর মিনি। আর কোন মিনি চলত বল মনে পড়ছে না। অটো তখনও আসেনি কলকাতায়। খুব চলত সাইকেল রিক্স। আর ছিল সাইকেল - ছেলে থেকে বুড়ো।

আর ছিল ট্যাঙ্ক। ট্যাঙ্কই সল্ট লেকের প্রাণভ্রমরা, সল্ট লেকের নিশানা।

খাবার-দাবার

আজ একটা দোকানে খাবার কিনতে গেছিলাম। ছেলেটি আমার পদবী শুনে জিগেস করল আমি কোথাকার বাঙালি? বললাম, কলকাতার। জানলাম, সেও কলকাতার। বাড়ি জাকারিয়া স্ট্রীটে। বড়বাজারেই জন্ম ও বেড়ে ওঠা। হোটেল ম্যানেজমেন্ট করে অ্যামেরিকায় এসে রেস্টোরেন্টে কাজ করছে। আদতে উত্তর প্রদেশের লোক। নাম শাইর কুরেশি। বাপ-দাদা-কাকাদের মাংসর দোকান সারা কলকাতায় ছড়িয়ে।

জাকারিয়া স্ট্রীট বলতেই মনে পড়ে গেল "দেশে-বিদেশে"-তে মুজতবা আলী জাকারিয়া স্ট্রীটে কাবাব কেনার কথা লিখেছেন। (আহা, মুজতবা!!) তো তাকে জিগেস করলাম সে সব দোকান এখনও আছে কিনা। বলল, আলবাত আছে। তারপরে, যথারীতি আলাপ চলল খাবার নিয়ে। তার কাছে জানলাম কলকাতার সেরা নেহারি নাকি নাখোদা মসজিদের উল্টোদিকে সুফিয়া রেস্তোঁরায়। বলল, এই রমজান আসছে। এ মরশুমে সুফিয়ার নেহারি না খেলে জীবন বৃথা। তবে যেতে হবে খুব ভোর-ভোর। সাতটার পরে যে নেহারি মিলবে সে একেবারেই এলেবেলে। "আর বিরিয়ানি?" সুফিয়ার পাশেই নাকি আছে আরেক আমিনিয়া। এস্প্ল্যানেডের আমিনিয়ারই ভাই, কিন্তু ফ্র্যানচাইজি নয়, ব্রাঞ্চ নয়। দুটোই আদত। এই জাকারিয়া স্ট্রীটের আমিনিয়ায় নাকি খেতে হয় বিফ বিরিয়ানি আর হালিম। 

দেশে কবে যাব তো জানিনা। কেউ ও তল্লাটে গিয়ে চেখে এলে এট্টু খবর দেবেন। নইলে খুব চিন্তায় থাকব।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

জলধরবাবুর দেশে ফেরা

জলধরবাবু একজন পোড়-খাওয়া এন আর আই বা ভাপাভা ("ভারত-পালানো-ভারতীয়") । তাঁর লেট-যৌবন-আর্লি-প্রৌঢ়ত্বে জলধরবাবু একটি মস্করামূলক প্রবন্ধ লিখে হালকা করে দেশে ফেরত যাবার মনোবাসনা ব্যক্ত করেছিলেন । দোষের মধ্যে তো এই । এই দেখেই আকাশের দেবতা মুচকি হাসিলেন । বলিলেন, "তোর ফেসবুক পোস্টিং ১০০১ বার শেয়ার না করাতেই বর দিলাম । যাবি তো যা ।" অতঃপর জলধরবাবু বৌ-বাচ্চা-বাক্স-প্যাঁটরাসহ ভারতবর্ষে ল্যান্ড করলেন ও ধান-চালের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে অবহিত হলেন । সংবর্ধনার একটা ক্ষীণ আশা পালন করলেও মনে মনে বুঝে গেছিলেন নাগরিক সংবর্ধনা হবে না । তবে কাছে দূরের আত্মীয়-বন্ধু কি আর চোখ গোলগোল ও ছলছল করে তাঁর দেশে ফেরার একটা মূল্য দেবে না !

সে গুড়ে বালি । ফিরে দেখলেন বাপে-খেদানো-মায়ে-তাড়ানো ভাপাভার দল পঙ্গপালের মতন দেশে ফিরছে । সব বড় এয়ারপোর্ট হাওড়া স্টেশন । বিলেতফেরত উদ্বাস্তুতে ভরে গেছে । সকলের চোখেই অন্য উদ্বাস্তুর পরিবারের প্রতি তাচ্ছিল্য ও উষ্মা, "আরেক পিস কম্পিটিশন!" দেশোয়ালি বেরাদরদের চোখে ব্যঙ্গ, "সেই তো আবার ফিরে এলি ! সাহেবরা রাখল না?" জলধরবাবু ব্যাঙ্গালোরে এক পিস চাকরি জোটালেন ।

ব্যাঙ্গালোরে গিয়ে জলধরবাবুর জ্ঞানচক্ষু উন্মিলিত হল। উপলব্ধি করলেন যে ভারতবর্ষকে ত্যজ্য করেছিলেন আর যে ভারতবর্ষকে ফের বরণ করলেন, তারা দুটি আলাদা প্রাণী, আদতে এক হলেও। তার একটি কারণ যদি হয় মাঝে ষোল-সতেরো বছর বিভিন্ন ব্রিজের তলা দিয়ে বয়ে যেতে যেতে নিয়ে এসেছে উদারীকরণের মনমোহনীয়া চকসা, আর একটি কারণ হবে কলকাতা ও ব্যাঙ্গালোরের তফাত। আজকের ব্যাঙ্গালোর যদি একবিংশ শতকের ভারতবর্ষ হয় তো ষোল বছর আগে কলকাতা তবে ঊনবিংশ শতকের বর্মা।

সদ্য-প্রস্ফুটিত জ্ঞানচক্ষু মেলে জলধরবাবু যা দেখলেন তা হল নিম্নরূপ -

১। মধ্যবিত্তের সংসার চালানর জন্যে না-হলেই-নয় এমন জিনিসের দাম বেড়েছে ছ-সাত গুণ।
২। না-হলেও-চলে-তবে-হলে-ভাল জিনিসের দাম বেড়েছে দশ-বারো গুণ।
৩। আগে পাওয়া যেত না এমন বিলাস বস্তুতে বাজার ছেয়ে গিয়েছে, এবং সেসব জিনিসের হাতপোড়ানো দাম।
৪। লোকের, জলধরবাবুর পরিচিত মানুষজনের, মাসমাইনে হরবখত লাখ-বেলাখ। প্রায় সবাইকার গাড়ি আছে। পঁয়তিরিশের মধ্যে চাকুরেরা ফ্ল্যাট কিনে ফেলছেন।

জলধরবাবু বাকরুদ্ধ হলেন।

ক্রমে ধাতস্থ হয়ে উপলব্ধি করলেন ভারতবর্ষ আসলে এক নয়, বহু। নিজের বাড়িতেই দুই ভারতবর্ষের রূপ চাক্ষুস করতে লাগলেন অহরহ। পরিবারের ছজন মিলে মোটামুটি ভদ্রস্থ রেস্তোঁরায় সপ্তাহান্তিক পানভোজনের বিল দিয়ে গাড়িতে উঠে খেয়াল পড়ে সেই বিলের পরিমাণ বাইরে এতক্ষণ অপেক্ষমান চালকের মাসমাইনের অর্ধেক। খেয়াল পড়ে প্রথম-প্রথম বার কয়েক বাড়ির পরিচারিকাকে সঙ্গে নিয়ে রেস্তোঁরায় বসে খেলেও সে ঘটনা কমতে-কমতে শূন্যে এসে ঠেকেছে। সবথেকে যা ভয়াবহ, বুঝতে পারেন শিশুকন্যাদ্বয় মার্ক্সসাহেবের তত্ব সম্বন্ধে সম্যক অবহিত না হয়েও শ্রেণী ও শ্রেণীচরিত্র সম্বন্ধে প্র্যাক্টিকাল পাঠ হরবখত নিচ্ছে দৈনন্দিন প্রাত্যহিকতা থেকে - একদল হুকুম করে, সে যতই মধুগুড় মাখান হুকুম হোক না কেন এবং আর একদল সে হুকুম তামিল করে। জলধরবাবু সকাল-সন্ধ্যে "দীনবন্ধু, পার করো" বলে কেঁদে ককিয়েও হালে পানি পান না।

শিশুকালে স্কুলের প্রেয়ারে চেঁচিয়ে গেয়েছেন "বিবিধের মাঝে দেখ মিলন মহান"। কিন্তু সে মহান যে কী ভাবে দেখা যায় কেউ বলে দেয়নি। কিন্তু জলধরবাবু এবার দেখলেন। বেশ ভাল করেই দেখলেন। সাড়ে বত্তিরিশভাজা বিবিধ ভারতের মাঝে বলিউডি মিলনের মাহাত্ম্য। রণে, বনে, জলে, জঙ্গলে - সর্বত্র বলিউড। টিভিতে বলিউড। রেডিওয় বলিউড। জামায় বলিউড। কাপড়ে বলিউড। সর্বভারতীয় পত্রিকার প্রথম পাতায় বলিউড। শিশুদের বিনোদনে বলিউড। জলধরবাবু খাবি খেলেন। খেয়ে মন দিয়ে মেয়েদের সঙ্গে ছোটা ভীম দেখতে লাগলেন। তবে প্রযুক্তির কী মাহাত্ম্য! শুধু বলিউডই নয়। খোদ কন্নড়ল্যান্ডে বসে প্রতি সন্ধ্যেয় গোগ্রাসে গিলতে লাগলেন বাংলা চ্যানেলের সিরিয়াল। যে সিরিয়ালে সবাই বাড়িতে পূর্ণ সেজে থাকে। সব পরিবারই যৌথ। সব পরিবারেই কুচুটে লোকেরা অন্যকে প্রাণে মেরে দেবার চক্রান্ত চালিয়ে যায় প্রতি সন্ধ্যেয়। সবারই ঘোরতর গুন্ডাদলের সঙ্গে খুব দহরম-মহরম চলে। বিষ অতি সহজলভ্য।

জলধরবাবু ঘামতে লাগলেন।

ঘামার সুযোগ জলধরবাবু বিশেষ পান না। একে ব্যঙ্গালোরের অতি মনোরম চির-বসন্ত টাইপ আবহাওয়ায় ঘামার সুযোগ প্রায় পাওয়াই যায় না, তার ওপর জলধরবাবু যে বুদবুদে বাসা নিয়েছেন সেখানে লোডশেডিং হলেই পাওয়ার ব্যাকাপ চালু হয়ে যায় অতি দ্রুত। সে ব্যাকাপে রেফ্রিজারেটর চলে, মাইক্রোয়েভ চলে, টিভি চলে, আলো-পাখা চলে, এসি চলে, গিজারও চলে বোধহয়। না চললে চলবেই বা কেন। লোডশেডিং হয় বটে! মুহুর্মুহু। এই আছে , এই নেই। জলধরবাবুর সত্তর-আশির দশকের কলকাতায় লোডশেডিং-এর সুবর্ণ যুগের কথা মনে পড়ে যায়। হায় সেই সব দিন। বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জলধরবাবুর। কোথায় গেল সেই ঘরে ঘরে লম্প-কুপি-হ্যারিকেনের দিনগুলি! রোজ সকালে লম্প-হ্যারিকেনের কাঁচ পরিস্কার করার রুটিন ছিল। আজকালকার ছেলেমেয়েরা তো এসব কিছু শিখলই না!!

কিন্তু জলধরবাবু শিখছেন। প্রতিদিনই কিছু-না-কিছু শিখছেন। সব শেখাই যে নতুন তা নয়। অনেক কিছুই ফিরিঙ্গি-কুসঙ্গে ভুলে গেছিলেন, এখন আবার ঝালাই হয়ে যাচ্ছে। যেমন কেউই সময়ে আসে না। ফোন করলেই বলে "ইন ফাইভ মিনিট্স"। সবাই মোবাইল ফোন ব্যবহার করে। আপিসের লোকেদের পরস্পরকে ফোন করা যায় যখন-তখন। দোকানপাট-আপিস বিল্ডিং-রেসিডেন্সিয়াল কমপ্লেক্স-সিনেমা হল-হোটেল-রেস্টোর‍্যান্ট-শপিং মল - সর্বত্র গেটে সিকিউরিটি গার্ড। পোশাকের কায়দা দেখে খানাতল্লাশি কতটা হবে তা স্থির হয়। গাড়ি নিয়ে ঢুকতে গেলে গাড়ির ট্রাংক খুলে দেখান। কিন্তু ট্রাংকে সুটকেস-টুসকেস থাকলে সে সব খুলতে হয় না। কাজেই যদি কোন কারণে আপনি সিকিউরিটির হাতে ধরা পড়তে চান, বোমা-টোমা সুটকেসে রাখবেন না। পুরোন দিনের হিন্দি ছবিতে যেরকম দেখাত, সেই মতন বোমার ওপরে ওপরে বড় বড় করে "বোমা" লিখে ট্রাংকে রেখে দেবেন।

এবং মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে অ্যামেরিকা-ফেরত জলধরবাবু এক অনাস্বাদিত মুক্তির হাওয়া পেলেন। নিজের পয়সা দিয়ে কেনা জিনিস যে নিজস্ব হতে পারে, অ্যামেরিকায় বসবাস করে এ ব্যাপার প্রায় ভুলতে বসেছিলেন। নিজের-পয়সা-দিয়ে-কেনা কম্পিউটারে নিজের পছন্দের অপারেটিং সিস্টেম লাগাবেন? হবে, যদি কম্পিউটার ম্যানুফ্যাকচারার অনুমতি দেয়। যে অপারেটিং সিস্টেম পয়সা দিয়ে কিনেছেন, সেটিও আপনার নয়। কারণ আপনি তো কেনেননি, লাইসেন্স নিয়েছেন। সার্ভিস প্রোভাইডার নামমাত্র দামে, সময়বিশেষে এমনকি বিনি পয়সায়, মোবাইল ফোন দেয়। বদলে বন্ধক রাখতে হয় নিজের জিনিস নিজের করার স্বাধীনতাটি। তবে স্মার্ট ফোনের রমরমা আসার পর শুনেছেন অব্স্থার কিছু পরিবর্তন ঘটেছে। অথচ ভারতে? গটগট করে দোকানে ঢুকলেন জলধরবাবু, পয়সা দিলেন, নতুন ফোনে পেলেন। সার্ভিস প্রোভাইডারের আপিস থেকে আগেই সিম কার্ডটি হস্তগত করে চালু করে রেখেছিলেন। সে সিম কার্ডটি এবার স্বস্থানে বসালেন। ব্যস। এবার নিজ মাল নিজ দায়িত্বে।

সিম ভরার ঠিক সাড়ে তিন মিনিটের মধ্যে প্রথম কলটি এল। নিজের ফোনে প্রথম নিজের কল। আহ্লাদে জলধরবাবু আটখানা। "হ্যালো"। "হ্যালো স্যার, দিস ইজ সুনিধি ফ্রম অমুক ব্যংক। উই আর গিভিং পার্সোনাল লোন আপটু ফিফটি থাউজ্যান্ড ..."। জলধরবাবু বুঝলেন বিনামূল্যে স্বাধীনতা পাওয়া যায় না। তার মূল্য হাতে-হাতে চুকিয়ে দিতে হয়।

যত সহজে সার্ভিস প্রোভাইডারের আপিস থেকে সিম কার্ড পাওয়ার কথা লেখা হল, ইতিহাস বলে, কাঠখড় তার কিছু বেশিই পোড়াতে হয়েছিল। তার কারণ একটিই। অ্যাড্রেস প্রুফ। এ গ্যাঁড়াকলে যে না ফেঁসেছে তার পক্ষে গর্দিশের অবস্থা কল্পনা করা দুষ্কর। মোবাইল ফোনের অ্যাকাউন্ট করবেন? অ্যাড্রেস প্রুফ নিয়ে আসুন। ল্যান্ডলাইনের সরকারি ফোন বিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স - সব চলেগা। চলেগা তো, কিন্তু মিলেগা কোথায়? বাড়িই এখনও ভাড়া করেননি তো ল্যান্ডলাইন! আর করলেও কোন দুঃখে সরকারি বিএসএনএল নেবেন? বেঁচে থাক প্রাইভেট সেক্টর। আর পাসপোর্ট? সে তো বদল হয়ে গেছে। মার্কিন-নাগরিক জলধরবাবু তো আক্ষরিক অর্থে নিজদেশে পরবাসী। বাকি রইল ড্রাইভিং লাইসেন্স। কিন্তু সে করতে গেলেও তো অ্যাড্রেস প্রুফ লাগবে। কিরকম অ্যাড্রেস প্রুফ চলবে? কেন বাড়ি ভাড়ার দলিল। ব্যস, সার্কল কমপ্লিট। যেখান থেকে শুরু করেছিলেন, ফিনসে সেখানে। ক-য়ে কমললোচন ইত্যাদি। যাকগে, এ ব্যাপারে ফেনিয়ে লাভ নেই। তবে অ্যাড্রেস প্রুফ ভারতে এক মহার্ঘ্য জিনিস। কিন্তু দাঁতের মতন। যার আছে সে এর মর্যাদা বোঝে না। এর সঙ্গে পাসপোর্ট সাইজ ছবিটিও ভুলবেন না। ওটিরও চাহিদা প্রবল। সবাই ২০১১ সালে জলধরবাবু কেমন দেখতে ছিলেন তা ডকুমেন্ট করে রাখতে চায়। কানাঘুষোয় এ-ও শুনেছেন যে সুলভ শৌচালয়ে "পয়সার বিনিময় শৌচকর্ম" করতে গেলেও নাকি প্রতিবার একটি করে পাসপোর্ট সাইজ ছবি জমা করতে হবে।

অতএব জলধরবাবু এখন সর্বদা পকেটে দুটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে ঘোরেন।

জলধরবাবু স্বপ্ন দেখতেন দেশে ফিরে সকালে থলি দুলিয়ে বাজারে যাবেন। দরদাম করে কিনে ফেলবেন টাটকা কাঁচকলা, সবুজ ঝিঙে, কচি পটল, নিদাগ বেগুণ, ঘাই-মারা কই কী রক্তঝরা কাটাপোনা। তবে এ ভারত বাবা-কাকাদের আমলের ভারত নয়, এ হল গিয়ে চকচকে ভারতবর্ষ। আর ব্যাঙ্গালোরও কলকাতা নয়। কাজেই থলি দুলিয়ে বাজার যাওয়ার সময় পেলেন শুধু শনি-রবিবার। কিন্তু বাজার মানে বাজারই। ফিরিঙ্গি হনুকরণের তারের গাড়িঠেলা সুপারমার্কেট নয়। এ হল ব্যাঙ্গালোরের ঐতিহ্যবাহী হ্যাল মার্কেট। আগে নাকি বাঙালীর ছোটখাটো মিলনক্ষেত্র ছিল। এখনও আছে। এখানে আসে অন্ধ্রের রুই, চট্টগ্রামের ইলিশ, কলকাতার কচুর-লতি থেকে চিংড়ি, ঝর্ণা ঘি থেকে সানন্দা। রুই একশো ষাট, যদিও টোটাল ধরণের সুপারমার্কেটে একশো কুড়ি। কারণ টোটালের মাছ লোকাল। ইলিশ সাতশো-আটশো গ্রামের বেশি ওজনের পাওয়াই যায় না। পেলে হাজারের ওপর দাম। নইলে সাতশো-আটশো-নশো। ভেটকি সাড়ে তিনশো। বড় চিংড়ি সাড়ে চারশো। তুলনামূলকভাবে চিংড়ির দামই গেল তিরিশ-চল্লিশ বছরে কম বেড়েছে। প্রতিবার মাছ কিনে ফেরার সময়ে জলধরবাবু প্রতিজ্ঞা করেন পরিবারসুদ্ধ ভাত আর বাটারমিল্ক ডায়েটে পরিবর্তিত হয়ে যাবেন। পরিবর্তনেরই তো বাজার। তার ওপর ভাত-বাটারমিল্ক খেয়ে ভারতের আই-এ-এস ক্যাডার যদি ভর্তি করে ফেলা যায় তো বাঙালির এত কি আম্বা যে মাছ না খেলে চলবে না!

বলতে নেই, জলধরবাবু নোলাটি বেশ স্বাস্থ্যবান। আজ আরশোলার চচ্চড়ি খেয়ে ফেললেন তো কাল জেলিফিশের মালাইকারি - এরকম দুঃসাহসী না হলেও, চেনাশোনা খাবারের বড়সড় গন্ডির মধ্যে ঘোরাফেরা করে থাকেন। কলকাতা জলধরবাবুর স্বর্গ। পাড়ার মোড়ের "কমলে কামিনী কাফে"র হাড়-সর্বস্ব কষা মাংসর যা সোয়াদ, অ্যামেরিকার বাঘা-বাঘা নামের, জ্যাগাত কি মিশেলিন রেটেড দোকানও তার ধারেকাছে আসতে পারে না। ব্যাঙ্গালোরে মোড়ের দোকানে বাঙালি কষা মাংস না পাওয়া গেলেও, আপিসের মোড়ের অখ্যাত দোকানে যে তন্দুরি চিকেন বানাত, সে খেতে দীর্ঘ পথ হাঁটতেও রাজি ছিলেন জলধরবাবু। তাছাড়া দেশে ফেরার মাস খানেকের মধ্যে আবিষ্কার করে ফেললেন কোরামঙ্গলার আওধি খাবারের দোকান তুন্ডে কাবাবিতে রুমালি রুটি আর তুন্ডে কাবাব। একদম লা-জবাব। খুঁজে পেলেন কলকাত্তাইয়া লাজিজ ও আর্সালান - হায়দ্রাবাদী বিরিয়ানির থেকে মুখ বদল করতে কলকাতা-স্টাইল বিরিয়ানি আর চিকেন টিক্কা গ্রেভি। হায়্দ্রাবাদী বিরিয়ানি খেতে চার্চ স্ট্রীটের "সমরখন্দ", যা নামেই আফগান। আসলে উত্তরভারতীয় কাবাব, নল্লি আর বিরিয়ানির ফার্স্ট ক্লাস ঠেক। হানা দিলেন ভারতে চলা প্রথম ট্রেনের থিমে তৈরি রেস্তোঁরা "সাহিব-সিন্ধ-সুলতান"। এদের বিরিয়ানির খুব নাম থাকলেও পুদিনাগন্ধী হায়দ্রাবাদী বিরিয়ানি জলধরবাবুর খুব পোষাল না, কিন্তু বাকি খাবারদাবার দিব্যি ভাল। শিখে গেলেন মালায়লি দোকানে মাটন স্টু দিয়ে আপ্পম খাবার রীতিনীতি। কাজেই আপাতত শান্তিকল্যাণ।

অথচ বড় মুখ করে স্টেক খেতে গিয়ে খুব হেনস্থা হলেন যা হোক। ফাইবার সর্বস্ব স্বাদহীন মাংসখন্ড। মিডিয়াম-রেয়ার চাইলেন, করে আনল চারকোল। ওয়েলডান চাইলে মাংসর মধ্যবর্তীস্থান লাল ও ঠান্ডা। সর্বোপরি সব স্টেকের ওপরেই গ্রেভি ঢালা। মেয়েদের স্প্যাগেটি-অ্যান্ড-মিটবল খাওয়াতে ব্যাঙ্গালোরের নামী ইটালিয়ান রেস্তোঁরায় ঢুকে আবিষ্কার করলেন সেটি ভেজিটেরিয়ান ইটালিয়ান। ন্যাকামো! জলকে যাব, বেণী ভিজাব না! মদও পাওয়া যায়না, তার বদলে মেলে রঙবেরঙের শোভনদর্শন মকটেল। দক্ষিণ-ভারতীয় উচ্চকোটির ব্রাহ্মণেরও কৌলিন্য যাবার কোন ভয় নেই। আবিষ্কার করে রোমাঞ্চিত হলেন ঠিকই, খাবারও খারাপ নয়, কিন্তু খুব যে উৎসাহিত বোধ করলেন, এমন নয়। আর ততক্ষণে দেরি যা হবার হয়ে গেছে। এবং কেরমে কেরমে আবিষ্কার করলেন দেশের বিজাতীয় খানাবিপণিগুলো কোন কঠোর কঠিন কুইজিনত্ব রক্ষা করার ঠিকা ও দায় নেয় নি। কাজেই ইটালিয়ান রেস্তোঁরায় পেতেই পারেন ফাহিতা, চিনে দোকানে পাবেনই পাবেন কোরিয়ান কিমচি ও থাই টম ইয়ুম সুপ। জলধরবাবুও আজকাল নির্বিকারমুখে ইডলির সঙ্গে আলুদ্দম খেতে পারেন, রসম দিয়ে ফ্রায়েড রাইস।

কাজেই ব্যাঙ্গালোর দিব্যি জায়গা। শুধু সারাদিন মনে হয় একটি রাক্ষুসে কনস্ট্রাকশান সাইটে বসে আছেন। বাতাসে সুরকির গন্ধ। বুটজুতোয় সিমেন্টের ধুলো। বুদবুদ থেকে বেরোলেই চতুর্দিকে ঠং-ঠং ঘটঘট ধুপধাপ শব্দে বাড়ি হচ্ছে, আপিস হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, নতুন ব্রিজ বানানো চলছে। কিছুদিন এসব লক্ষ্য করে জলধরবাবু খেয়াল করলেন যে এত সব যে এরা বানাচ্ছে, কেউ কিন্তু কোন নতুন রাস্তা বানাবার দিকে নজর দিচ্ছে না। ফ্লাইওভারও যে হচ্ছে তাতে আন্ডারের রাস্তা আর কার্যকরী রাস্তা থাকছে না। যদিও বা থাকে তবে অপেক্ষায় থাকছে দুদিন বাদে মেট্রোর জন্যে লম্বা আখাম্বা থাম্বা এসে কবে তাকে আপন করে নেবে - এই ভেবে। জলধরবাবু দাড়িটাড়ি চুলকে ভাবতে থাকেন, তবে ফ্লাইওভার বানিয়ে রাস্তা উঁচু করা ছাড়া ঘোড়াড্ডিমের হলটা কী? এছাড়া এর বাড়ির দাওয়া, তার বাড়ির উঠোনের ভেতর দিয়ে ভাঙাচোরা, প্রায়-নেই, চার-হাত চওড়া রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন দুধারে প্রাক্তন চাষের জমিরা গ্রাম্য রূপ ছেড়ে সাহেবী পোষাক পরছে - উঠছে হর্ম্যের পর হর্ম্য - যা কোটি কোটি টাকায় বিকোবে। জলধরবাবু ভাবেন, এ সবই তো উন্নতি লক্ষণ। কিন্তু বাবাসকল, এই যে অট্টালিকা বানাচ্ছ, এখানে এসে হাজারের কাছাকাছি লোক থাকবে একদিন - সেই অট্টালিকায় পৌঁছতে তো হাতে হ্যারিকেন, প্যান্টুল ঢলঢলে ও গালে দাড়ি গজিয়ে যাবে! কিন্তু কে শোনে কার কথা! মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলেন, "বাপু হে, রাস্তাটা ভুলো না।" কিছু কিছু কমপ্লেক্স তো শহর থেকে দূরত্বের কারণহেতু এবং রাস্তাহীনতার কারণে প্ল্যানে হেলিপ্যাডের বন্দোবস্ত রেখেছে। এ কথা জলধরবাবু নিজেই নিজেকে বিশ্বাস করাতে বেগ পেলেন।

ব্যাঙ্গালোর আজব শহর। প্রাচ্যের সিলিকন ভ্যালি। নামকরা হুদো হুদো কোম্পানি যেচে গিয়ে আপিস ফাঁদছে আর ট্যাক্সো দিচ্ছে। রাস্তায় আধুনিক কেতার লাখে লাখে গাড়ি। অ্যামবাসেডরের মতন কুলীন গাড়ি রাস্তায় দেখাই যায় না। আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনিসের বিজ্ঞাপনে রাস্তা-বাড়ি-মানুষ সবেরই মুখ ঢেকে যায়। রাস্তায় চলছে পেল্লায় ও আধুনিক বাস। সারি সারি দামী জিনিসের চকচকে দোকানের মাঝে দুখীমুখে উঁকি মারে পাড়ার মনোহারী দোকান, মুদির দোকান, চুল কাটার সেলুন, ছিটকাপড়ের দোকান। অথচ রাস্তার ধারে ওপেন ড্রেন। শহরজুড়েই। এই একবিংশ শতাব্দীর শাইনিং ইন্ডিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাইটেক শহরে। এবং নোংরাস্য নোংরা নিষ্কাশনী খাল। আর বিষজল-ভরা লেক। সে লেকও দেখ-তো-দেখ ময়লা-টয়লা ঢেলে ভর্তি হয়ে যাচ্ছে। তারপরেই নীল করোগেটেড শিট দিয়ে বাউন্ডারি ও বিল্ডারের সাইনবোর্ড - লেকভিউ অ্যাপার্টমেন্ট। ভিউ লেকে আছে ঠিকই - যদিও কদ্দিন থাকবে বলা যাচ্ছে না কারণ অন্য বিল্ডাররাও তো সেই একই লেক বুজিয়েই লেকভিস্তা, ওয়াটারফ্রন্ট, অ্যাকোয়াভিউ প্রভৃতি হর্ম্যসমূহ বানাইতেছে। আরও যেটা বলা নেই সে হল বিষ জলের দুর্গন্ধ ও ঝাঁকে ঝাঁকে মশককুলের আগমন ও বসতিস্থাপন। জলধরবাবু বোঝেন খুব শিগ্গিরই ব্যাঙ্গালোরে আর কোন ওয়াটার বডি থাকবে না। দূরদূরান্ত থেকে ট্যাংকারে জল আসবে। রাস্তাও উবে যাবে। থাকবে শুধু থিকথিকে, দলা দলা বহুতল হর্ম্য, অট্টালিকা ও সারণী। রাস্তায় মেঘ নয়, গাভীর মতন চরবে হেলিকপ্টার।

শেষের ভয়ংকর সেদিনের কথা ভেবে জলধরবাবু শিউরে উঠলেন।

[প্রথম প্রকাশ, ২৫-শে অক্টোবর, ২০১৩ গুরুচন্ডালী ডট কম]
undefined