Bengali লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bengali লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪

সলিল চৌধুরী ও রাহুল দেব বর্মন - দ্বিতীয় পর্ব


সলিল বা রাহুল কেউই খুব কড়া রাগভিত্তিক গান বানাতে পছন্দ করতেন বলে মনে হয়না । তবে যেহেতু দুজনেই মূলতঃ ছবির জন্যে গান বানাতেন, বিভিন্ন সিচুয়েশনে রাগনির্ভর গান বানাতে হয়েছে । এর বাইরে বেসিক গানে দুজনেই রাগ ব্যবহার করেছেন খুবই নিয়ন্ত্রিতভাবে, এবং প্রায় সব সময়েই রাগরূপকে প্রকট না করে ।

রাগ ব্যবহারের ক্ষেত্রেও সলিল কিন্তু রাগের চলন বা পকড় প্রতিষ্ঠা করে দিতেন প্রথমেই। রাহুল আনতেন এক দু লাইন পরে। অবশ্যই ব্যতিক্রম আছে। এমনকি এমনও বলতে পারি যে ব্যতিক্রমের সংখ্যা এত বেশি যে আগের মন্তব্য হয়ত করা ঠিকই নয়। তবু সেই মন্তব্যের স্বপক্ষে কয়েকটা উদাহরণ দিই।

কলাবতী রাগকে ভিত্তি করে সলিল চৌধুরীর বেশ গুটিকয়েক গান আছে । এর মধ্যে ধরা যাক ধনঞ্জয় ভট্টাচার্যের গলায় "ঝনন ঝনন বাজে" গানটি । পঞ্চাশের দ্শকে তৈরি গান। প্রথম লাইনেই কলাবতী পরিষ্কার। অন্তরাতে গিয়ে গানের চলন বদলে যাচ্ছে।

ঝনন ঝনন -

আরেকটা কলাবতীভিত্তিক গান, "লাল পাথর" ছবিতে সবিতা চৌধুরী আর শ্যামল মিত্রর যৌথ - "ডেকোনা মোরে ডেকোনা গো আর"। এখানেও প্রথম লাইন থেকেই রাগ চিনতে অসুবিধে হয়না।

ডেকোনা মোরে -



অথচ এই কলাবতী (বা মিশ্র কলাবতী) রাগে রাহুলের গান - "বল কী আছে গো" নিজের গলায়, যার হিন্দি গেয়েছিলেন মান্না দে ও লতা মঙ্গেসকর জুরমানা ছবিতে, "এ সখী, রাখিকে"। কলাবতীর চলন প্রতিষ্ঠিত হয় কিন্তু, গানের আভোগে নয়, অন্তরায় গিয়ে - "চকিত চাহনী যেন দেখেও না দেখা"। আভোগ বা মুখড়ার দু-লাইনে রাহুল রাগকে আস্তিনের তলায় লুকিয়ে রাখেন।

বল কী আছে গো -

এ সখী -


এরকম আরেকটা উদাহরণ শিবরঞ্জনী রাগে। সলিল করলেন "ধরণীর পথে পথে আমিও পৌঁছে যাব"। গাইলেন একবার সুবীর সেন, একবার লতা মঙ্গেশকর। প্রথম থেকে শিবরঞ্জনী প্রতিষ্ঠিত। এবং সলিলের যা রীতি, অন্তরাতে গিয়ে রাগ গৌণ, সলিলের সুর মুখ্য হয়ে পড়ল।

ধরণীর পথে পথে - সুবীর সেন


রাহুল মিশ্র শিবরঞ্জনীতে করলেন "মেরে নয়না সাওন ভাদো" - মেহেবুবা ছবির জন্যে কিশোরকুমার আর লতা মঙ্গেশকর আলাদা দুটি গান গাইলেন। এখানে পকড়ের ছবি পাওয়া যাচ্ছে, পাশ্চাত্য রক-পপে যাকে গানের হুক বলে সেই অংশে, দ্বিতীয় "ফির ভি মেরা মন পেয়াসা" উচ্চারণে। গানের প্রথমেই নয়।

মেরে নয়না - কিশোরকুমার


এবার উল্টোদিকে - শেষ জীবনে (১৯৯০ সালে) করা গান, নন্দ বা আনন্দী কল্যাণ  রাগে হৈমন্তী শুক্লা গাইলেন, "মন বন পাখী চন্দনা"। প্রথম লাইনের নন্দবাবুকে চিনে নেওয়া গেল।



রাহুল মিশ্র নন্দ রাগে করলেন "যেতে দাও আমায় ডেকোনা"। এখানে বরং প্রথম লাইনে নন্দবাবুকে ধরা যায় কিছুটা।

যেতে দাও আমায় -



সলিল চৌধুরী করলেন অন্তরা চৌধুরীর জন্যে বেহাগ-আশ্রিত "না দির দির দা, তুম না তুম, নাচ তো দেখি আমার পুতুলসোনা", প্রথম লাইন থেকে বেহাগ খুলে পড়া যায়।

না দির দির দা -


যেমন যায় প্রায় একই সময়ে করা - সত্তরের দশকের প্রথম দিকে - "আপ কি কসম" ছবির জন্যে রাহুলের সুরে কিশোরকুমারের "জিন্দেগীকে সফর মেঁ গুজর যাতে হ্যায়" গানে।

জিন্দগীকে সফর মেঁ -


আগেই যে বললাম, খুব কড়া রাগভিত্তিক গান তৈরি করতে কি সলিল, কি রাহুল, কেউই পছন্দ করতেন না। কিন্তু ছবির সিচুয়েশন অনেক সময়ই রাগভিত্তিক গানে চেয়েছে। সেরকম ক্ষেত্রে এনারা রাগের পরিসীমার মধ্যে থেকেই যতটা সম্ভব নিজেদের সাঙ্গীতিক উদ্ভাবনী দেখিয়েছেন। এমনই একটি গান - সলিলের বিখ্যাত হংসধ্বনী, "যা তোসে নহি বলুঁ কানহাইয়া"। একদম রাগদারী গান, প্রথম লাইন থেকেই।



এ গানেরই বাংলা করলেন শেষ জীবনে, গাওয়ালেন হৈমন্তী শুক্লাকে দিয়ে -


রাহুল এমতাবস্থায় বহুবার বাবার খজানায় হাত বাড়িয়েছেন - যেমন কিনারা ছবিতে "মিঠে বোলে বোলে" শচীনের বিখ্যাত বাংলা ভৈরবী "মধুবৃন্দাবনে দোলে রাধা"-কে ফিরিয়ে আনে।

মিঠে বোলে বোলে -


মধুবৃন্দাবনে -


অথবা ইজাজত ছবির "খালি হাত শাম আয়ি হ্যায়" গানে ফিরিয়ে আনলেন কর্তার "মালাখানি ছিল হাতে" গানের বন্দিশ।

খালি হাত -


মালাখানি -


অথচ এমনটা নয় যে বাবার খজানা ছাড়া এই ধরণের সিচুয়েশনে রাহুলের কোনরকম অসুবিধে হত। অমর প্রেম ছবিতে "রহনা বীত যায়" কি "কুছ তো লোগ কহেঙ্গে" অথবা "বড়া নটখট হ্যায় ইয়ে" গানেই তার প্রমাণ। অথবা পরিচয় ছবির "বিতি না বিতায়ি রহনা"।

বিতি না বিতায়ি -


"বড়া নটখট" সম্বন্ধে গল্প চলে যে সাধাসিধেভাবে রাগের চালু বন্দিশে ফেলে কাজ সারতে চেয়েছিলেন রাহুল। বাবা বর্মন নাকি ছেলে বর্মনকে কড়কানি দেন এই বলে যে, এই গানে তুমি কী যোগ করলে? যে কোন সঙ্গীত পরিচালকই তো রাগে ফেলে এই গান বানাতে পারে। এই ধাঁতানির পরে শোনা যায় রাহুল গানটিকে খাম্বাজে রেখে নতুন করে সাজান। শেষ পর্যন্ত যে গানটি দাঁড়ায় সেটি এই -

বড়া নটখট -

(চলবে)

সোমবার, ১৪ জুন, ২০১০

মোগলাই সাহেবসুবো

বেশ কয়েকবার বইটা শেল্ফে দেখেছি । এয়ারপোর্টের বইয়ের দোকানে, ব্যাঙ্গালোরের বইয়ের দোকানে, পাড়ার লাইব্রেরিতে, অফিসের লাইব্রেরিতে । একবার ব্লার্বে novel কথাটা চোখে পড়ায়, উল্টেপাল্টে দেখার ইচ্ছে হয়নি । অত মোটা ইংরিজি প্রেমের উপন্যাস পড়ার আকর্ষণ আমার কোনদিনই ছিল না । শেষ পর্যন্ত, অফিসের লাইব্রেরিতে পড়ার মতন কোন বই না পেয়ে একরকম বাধ্য হয়েই নিয়েছিলাম White Mughals । লেখক, William Dalrymple । মোটকা বই । পরে দেখেছি শেষের Glossary, Bibliography, Index বাদ দিয়ে উপাখ্যান শেষ হয় ৫০১ পাতায় ।

উপন্যাস নয় । ইতিহাস । অষ্টাদশ শতাব্দীর শেষের ক'বছর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ক'বছর হল মূল কাহিনীর সময়সীমা । তবে খেইয়ের সুতো শুরু হয়েছে তার অনেক আগে, শেষ হয়েছে ঊনবিংশ শতাব্দীর আটের দশকে । ইতিহাসের নায়ক জেমস কার্কপ্যাট্রিক । হায়দ্রাবাদে নিজমের দরবারের ব্রিটিশ রেসিডেন্ট । নায়িকা হায়দ্রাবাদের অভিজাত পরিবারের ইরাণী বংশোদ্ভুত মেয়ে খয়েরউন্নিসা । এদের প্রেমকে ঘিরে যে ইতিহাসের জাল বুনেছেন তাতে কে নেই ! আছেন নিজাম ও তার প্রধানমন্ত্রী; হায়দ্রাবাদের ইরাণী বংশোদ্ভুত অভিজাত পরিবার; লর্ড কর্নওয়ালিস, জন শোর, লর্ড ওয়েলেসলি; মারাঠা পেশোয়া; টিপু সুলতান ...

অসম্ভব পরিশ্রমের কাজ । দীর্ঘ অধ্যবসায়ে বিভিন্ন মহাফেজখানা ঘুরে, লন্ডন-দিল্লি-হায়দ্রাবাদ ঘুরে খুঁটে খুঁটে সংগ্রহ করা তথ্য জোড়া লাগিয়ে লাগিয়ে গল্পের যে গালিচা বুনেছেন তার তুল্য ইতিহাস আমি অন্ততঃ পড়িনি । আর লেখার এমনই গুণ, চরিত্র আর ঘটনাগুলো চোখে দেখা যায় । এই "চোখে দেখা যায়" শব্দবন্ধটি এত ব্যবহৃত হয় যে এ দিয়ে আর ঠিক মনের ভাব প্রকাশ করা যায়না বটে, কিন্তু এ ছাড়া আর কোনভাবে অনুভবটা ঠিক প্রকাশ করা যেত না । চোখে দেখানো ছাড়াও যে আবহ (উর্দুতে কী যেন বলে, মাহোল? সংস্কৃতে বাতাবরণ? বাংলায়?) তৈরী করেছেন, সেটা কোন ঐতিহাসিক নয়, ঔপন্যাসিকের উপযুক্ত কাজ । কেয়াবাত !!

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০০৯

Unicode, Unicode

ইউনিকোডে লেখার প্রচেষ্টা করছি | যদি পাঠকের মেশিনে কোন ইউনিকোড ফন্ট বসানো থাকে, তাহলে এই লেখা বাংলায় দেখতে না পাবার কোন কারণ নেই | তবে অক্ষরের ছাঁদ কিরকম হবে, সেটা নির্ভর করছে পাঠকের মেশিনে কোন ইউনিকোড ফন্ট বসানো আছে তার ওপর | যদি একাধিক ইউনিকোড ফন্ট থাকে, তাহলে দেখতে হবে ডিফল্ট ইউনিকোড ফন্ট  কোনটা | মাইক্রোসফট বৃন্দা নামের একটা ইউনিকোড ফন্ট ডিফল্ট হিসেবে দেয় | বেশ বাজে দেখতে | এনকোডিং-এও কিছু গড়বড় আছে মনে হয় | এককভাবে খন্ড-ত (ৎ) লেখা যায়না | বাংলার সবথেকে পপুলার ইউনিকোড ফন্ট সোলেইমানলিপিতেও একই অসুবিধে লক্ষ্য করছি | আর একটু ঘাটাঘাঁটি করতে হবে | তবে ফ্রি-স্যান্স, ফ্রি-সেরিফ কি একুশে দুর্গা বা ব্যাঞ্জন রূপালী ইত্যাদি ফন্টে সেই সমস্যা নেই | আশা করছি, দিন কয়েকের মধ্যে এ ব্যাপারে আরও কিছু ফান্ডা করতে পারব | বঙ্গলিপির ইউনিকোড সাপোর্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে প্রচুর শেখা হচ্ছে |